আগামী বছর ১৫ জুন বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

২০ মে, ২০২১ ১৫:৩১  
আগামী বছরের ১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৫ বছর পথচলার পর ওই দিন থেকে সেই কর্তৃত্ব পুরোপুরি চলে যাচ্ছে প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’- এ। অবশ্য এর আগেই আগামী ১৭ আগস্ট থেকে অফিস ৩৬৫, ওয়ানড্রাইভ, আউটলুক এবং মাইক্রোসফটের অন্যান্য ওয়েব সেবাও ব্যবহার করা যাবে নাইন্টারনেট এক্সপ্লোরারে। এক বিবৃতিতে মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে বলেছেন, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ। উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন। এর আগে ২০১৫ সালে প্রথম দেখা যায় মাইক্রোসফট এজ। এর পর থেকেই শুরু হয় ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের দিন গণনা।